"পাকিস্তানের হুঁশিয়ারি: উত্তেজনা বাড়ালে কেউ থামাতে পারবে না"

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, "উত্তেজনা বাড়ালে কেউ আমাদের থামাতে পারবে না।" কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছেছে। রোববার জিও নিউজের এক প্রতিবেদনে খাজা আসিফ বলেন, ভারত যদি উত্তেজনা ছড়ায়, তাহলে পাকিস্তান পাল্টা জবাব দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, "পুলওয়ামার সময় যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম, এবারও তেমনই কঠোর জবাব দেওয়া হবে।" ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, "উত্তেজনা যদি বাড়তে থাকে, তাহলে কেউই আমাদের থামাতে পারবে না।" তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য হুমকি হয়ে উঠবে। কাশ্মিরের হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং সীমান্ত বন্ধসহ কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে। পাল্টা হিসেবে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ইসলামাবাদ এই হামলার দায় অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছে।
Next News Previous News